নগর প্রতিবেদক: সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।আজ রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজিত ‘নেতৃত্বে নারী ও তরুণ : বাধা কোথায়?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।
শাহাদাত হোসেন বলেন, শিক্ষাই একটি সমৃদ্ধ জাতির প্রকৃত ভিত্তি। বেগম খালেদা জিয়া তীব্র সমালোচনা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েও নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। তার পাশাপাশি আরও অসংখ্য নারীর সাফল্য প্রমাণ করে, সুযোগ পেলে নারীরা নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন।
তিনি বলেন, নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করা এখনো বড় চ্যালেঞ্জ। কার্যকর নেতৃত্বের জন্য শিক্ষার বিকল্প নেই। নতুন প্রজন্মের তরুণ নেতারা যাতে এগিয়ে আসতে ও নিজেদের বিকশিত করতে পারেন, সেজন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। জাতীয় ঐক্য হতে হবে সর্বোচ্চ আদর্শ। কারণ, সবকিছুর ঊর্ধ্বে আমাদের একটিই গর্বিত পরিচয়-আমরা বাংলাদেশি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে চসিক প্রশাসক বলেন, বাস্তবমুখী ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, নারীরা পরিবারের মূল ভিত্তি। তারা সঞ্চয় ব্যবস্থাপনা ও সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগামী দিনের সবচেয়ে বড় ভরসা তরুণ সমাজ। তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিতে হবে।
অনুষ্ঠানে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, তরুণেরা সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ এখনো সীমিত। সমাজের যেকোনো অবস্থান থেকেই মানুষের সেবা করা সম্ভব, তবে রাজনীতিতে সেই সুযোগ বেশি। রাজনীতিতে অংশগ্রহণের আগে তরুণদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু স্লোগাননির্ভর রাজনীতি দিয়ে নেতৃত্ব তৈরি হয় না।
জামায়াতের চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, জাতীয় সংসদে নারীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ বাড়ানো যেতে পারে। রাজনৈতিক চর্চার ঘাটতির কারণে দেশে নানা সমস্যা রয়েছে। তরুণদের বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বে অংশ নেওয়ার প্রস্তুতি নিতে হবে। ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস নিয়ে তাদের এগিয়ে আসতে হবে।
রাঙামাটি জেলা জজ আদালতের আইনজীবী ও মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা বলেন, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হওয়া, পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা নারীদের সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণকে সংকুচিত করে রেখেছে। ক্ষমতায় থাকা ব্যক্তিরাও প্রায়ই নারী অধিকারের কথা বললেও তা বাস্তবায়নে অর্থবহ পদক্ষেপ নেন না। রাজনীতি হওয়া উচিত জনগণের সেবার জন্য, ব্যক্তিগত স্বার্থ হাসিল বা দুর্নীতির জন্য নয়। নারীদের অংশগ্রহণ বাড়াতে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা বলেন, নারীদের প্রতি কেমন আচরণ করা হবে, তা নির্ভর করে তাদের সম্পর্কে সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির ওপর। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রের প্রশ্রয়েই নারীরা বৈষম্যের শিকার হন। সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
সিজিএস নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এ সংলাপ ও কর্মশালার আয়োজন করে। রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং রাজনৈতিক নেতৃত্বে লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি বিষয়ে তরুণদের সক্ষমতা বাড়ানো ছিল আয়োজনের উদ্দেশ্য।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব, চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও অধিকারকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এ ছাড়া মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজনীন সরকার।
প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন, দল থেকে পদত্যাগের পর নারী নেত্রীদের প্রতি আচরণ, নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নারীদের ক্ষমতায়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সীমিত অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন। এ ছাড়া পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিষয়ও আলোচনায় উঠে আসে।




