ময়মনসিংহে জামান নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় নগরীর মধ্য বাড়েরা এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত জামান (৩৫) মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের কর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা জামানকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, জমি সংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।




