জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু আবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন। আজ রোববার বিকেলে তিনি যখন জাতীয় সংসদে অবস্থান করছিলেন, তখনই তাঁর মুঠোফোনে একটি কল আসে। হুমকিদাতা তরুণ কণ্ঠের ওই ব্যক্তি তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে বলেন, 'পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।'
এনসিপির পক্ষ থেকে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই হুমকির তথ্য নিশ্চিত করা হয়েছে। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ২৯ মিনিটে কলটি আসে। এনসিপি হুমকিদাতার সঙ্গে মাহমুদা আলমের ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ডও গণমাধ্যমে সরবরাহ করেছে। কথোপকথনে ওই তরুণ নিজেকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দিয়ে এনসিপি নেত্রীকে বলেন, 'আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল। ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।' হুমকিদাতা আগামীকাল সোমবার একই সময়ে আবারও ফোন করার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মধ্যে এনসিপির নেতারা একের পর এক হুমকির মুখে পড়ছেন। এর আগে গত শুক্রবার চিকিৎসক মাহমুদা আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, গত সাত দিন ধরে তিনি হোয়াটসঅ্যাপ ও সরাসরি ফোনে হত্যার হুমকি পাচ্ছেন।
এনসিপি সূত্রে জানা গেছে, মাহমুদা আলম ছাড়াও দলটির আরও কয়েকজন নেতা সাম্প্রতিক সময়ে হামলার শিকার হয়েছেন। এর মধ্যে গত সপ্তাহে নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং তার আগের দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়। এছাড়া ৫ নভেম্বর এনসিপি থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকেও আজ দুপুরে হোয়াটসঅ্যাপে কল করে ছাত্রলীগ পরিচয় দেওয়া এক ব্যক্তি 'জয় বাংলা' করে দেওয়ার হুমকি দিয়েছেন।




