বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানিয়েছেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশ থেকে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যেখানে আমদানির পরিমাণ ছিল ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। এই অর্থবছরে বাংলাদেশ বিশ্বের মোট ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করেছে।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন যে, দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের আওতায় অগ্রাধিকার বাজার সুবিধা হারাবে, যার ফলে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়ে মন্ত্রী জানান, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি। ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ছিল ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। ওই সময়ে ভারতে ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলার। এছাড়াও ২০২৫-২৬ অর্থবছরে এই ঘাটতি ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলারে দাঁড়াতে পারে বলে তিনি জানান। তবে সাফটা ও আপটা সদস্য হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য ছাড়া অন্য সব পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, ২০২৬ সালে এই মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে, যা ২০২৫ সালের তুলনায় ৪২ দশমিক ৭৯ শতাংশ কম। এছাড়া নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার কৃত্রিম সংকট প্রতিরোধ ও অসাধু ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে কাজ করছে বলে মন্ত্রী আশ্বস্ত করেন। টিসিবির মাধ্যমে বর্তমানে প্রায় ৭৮ লাখ পরিবার ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য পাচ্ছে এবং আগামী রমজানে পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো থাকবে বলে সরকার প্রত্যাশা করছে। এছাড়াও বাংলাদেশ বর্তমানে প্রায় ৭২টি দেশ থেকে ওষুধ আমদানি করে থাকে।




