শরীয়তপুরের বিভিন্ন এলাকায় আজ রোববার জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শনিবার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ করা হবে। এই কাজের অংশ হিসেবে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পালং-২ উপকেন্দ্রের ৩সি নম্বর (টুমচর) ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বিভ্রাটের সময়সূচি অনুযায়ী, টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ সমিতি।




