বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বদলির আদেশ অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক, যাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ডিআইজি মিয়া মাসুদ করিমকে ঢাকা স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চলের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জেলা পর্যায়ে পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে। এতে ফেনী জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলায় এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।




