বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক পাহাড়ি যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা রুমা উপজেলার রুমা-বগালেক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম লোঙা খুমী। তিনি রুমা উপজেলার গির্জাপাড়া এলাকার বাসিন্দা। খুমী দৈনিক মানবজমিন পত্রিকার রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তার পেঁপে বাগানে যাওয়ার সময় রুমা-বগালেক সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে রুমা থানায় হস্তান্তর করা হয়।
রুমা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, সম্প্রতি বহুল আলোচিত সংগঠন কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লোঙা খুমীকে সেনাবাহিনী আটক করেছে। তার বিরুদ্ধে এর আগে থানায় দুটি মামলা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বুধবার বান্দরবানের রুমায় সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত হামলায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সেনা কর্মকর্তা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, রুমা উপজেলায় আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ও অতর্কিত গুলিবর্ষণ করে এ ঘটনা ঘটানো হয়।




