লালমনিরহাটের সাময়িকভাবে বরখাস্ত হওয়া যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুর রহমান দুলুর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশপ্রাপ্ত চ্যানেল ২৪-এর অন্য ছয়জন হলেন—‘সার্চলাইট’ অনুষ্ঠানের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী সম্পাদক জহিরুল আলম, হেড অফ মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং রিপোর্টার জাহিদ হোসেন।
নোটিশে দাবি করা হয়েছে, গত ৯ নভেম্বর চ্যানেল ২৪-এ প্রচারিত একটি প্রতিবেদনে আদালত অবমাননাকর মন্তব্য করা হয়েছে এবং বিচারক আরিফুল ইসলামকে নিয়ে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। প্রতিবেদনটির শিরোনাম ছিল “বরখাস্ত বিচারকের উল্টো চাল; দুর্নীতি ও অনিয়মের সংবাদ করায় চ্যানেল ২৪-এর ৭ জনের বিরুদ্ধে মামলা”। নোটিশের ভাষ্যমতে, ওই প্রতিবেদনে সাময়িক বরখাস্তের বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে তাকে ‘বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম’ হিসেবে প্রচার করা হয়েছে, যা মিথ্যা ও মানহানিকর।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ সোলায়মানের অভিযোগের প্রেক্ষিতে আরিফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং ৩০ দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। চ্যানেল ২৪ অসৎ উদ্দেশ্যে বিচারাধীন এই বিভাগীয় মামলার গোপন তদন্ত প্রতিবেদন জনসমক্ষে উপস্থাপন করেছে এবং বিচারককে দোষী হিসেবে চিত্রিত করেছে।
এর আগে গত ৯ নভেম্বর এই একই বিবাদীদের বিরুদ্ধে মানহানির অভিযোগে বিচারক মো. আরিফুল ইসলাম একটি মামলা দায়ের করেছিলেন, যা ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান আইনি নোটিশে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ওই সংবাদটি সরিয়ে ফেলে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।




