বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঢাকা কেবল প্রশাসনিক রাজধানী নয়, এটি সাহিত্য ও সংস্কৃতিরও প্রাণকেন্দ্র। তাই সারা দেশে একটি অর্থবহ সাংস্কৃতিক বিপ্লব গড়ে তোলার দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের ওপর বর্তায়। শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, বর্তমানে সমাজে বিদ্যমান শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলা করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের দায়িত্ব হলো মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, নাটক, গল্প এবং সিনেমা ছড়িয়ে দেওয়া। তিনি আরও বলেন, দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এই মহানগরীর সংস্কৃতিকর্মীদেরই কাঁধে নিতে হবে।
ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি হিসেবে তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাসের কথা উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচরণের সামগ্রিক রূপকার। তিনি বলেন, আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা ও নিয়ন্ত্রণকারী—এই বিশ্বাসই ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি। মানুষের ভালোবাসা, ভয় ও যাবতীয় ইবাদত কেবল আল্লাহর জন্য নিবেদিত হবে, যা মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতি চর্চাই এই শাশ্বত দর্শনের মূল কথা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না এবং কোনো পরিবর্তন এলেও তা স্থায়ী হয় না। এই ঐতিহাসিক সত্য সামনে রেখেই আমাদের পথ চলতে হবে।
সভাপতির বক্তব্যে দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর বলেন, গান গাইলে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয় না, বরং গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। তবে তিনি স্মরণ করিয়ে দেন, পবিত্র কুরআনই হলো মানুষের মন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ।
দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির ও মেয়রপ্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। এছাড়াও কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন ও কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডলসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।




