নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়ায় ফেসবুক লাইভে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়ার জেরে আওয়ামী লীগের সমর্থক দেলোয়ার হোসেন ওরফে বগাকে (৩৯) হত্যার ঘটনায় চার্জশিটভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মামলার চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি চরতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আসহাব উদ্দিন চৌধুরীর ছেলে নবাব চৌধুরী (৩০) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. মোরশেদুল আলমের ছেলে ১০ নম্বর আসামি মো. আরাফাত (২৮)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দেলোয়ার হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত দেলোয়ার হোসেন চরতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরতি আলীচান পাড়ার মৃত আহমদ হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন। পেশায় মৌসুমি ফল ব্যবসায়ী। দেলোয়ার তিন ছেলে ও এক মেয়ের জনক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন দেলোয়ার। এ সময় ১০ থেকে ১২ জন মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। পরে তাকে একটি অটোরিকশায় তুলে পাশের আমিলাইষ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের মসজিদ এলাকায় নিয়ে আবারও মারধর ও ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে হামলাকারীরা কাঞ্চনা ইউনিয়নের দিকে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। ১৯ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরের বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ২১ নভেম্বর আবারও চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ নভেম্বর বিকালে মারা যান দেলোয়ার।
হামলার পর দেলোয়ারের বড় ছেলে সাইমন জানিয়েছিলেন, তার বাবার বুকে চারটি, উরু ও পায়ের গোড়ালিতে ১০ থেকে ১২ টি ছুরিকাঘাত করা হয়। এছাড়া ঘাড়ের রগ ও নাক কেটে ফেলা হয়। চোখও নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল হামলাকারীরা।
দেলোয়ারের ছেলে সাইমন বৃহস্পতিবার রাতে এ প্রতিবেদককে বলেন, হামলার দু’দিন পর থানায় মামলা করতে গেলে তৎকালীন ওসি মোস্তফা কামাল খান মামলা নেননি। পরে তার মা ও দেলোয়ারের স্ত্রী ইয়াছমিন আকতার অনেক চেষ্টা-তদবিরের পর আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেন। প্রায় ১০ মাস তদন্তের পর পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়।
সাইমন আরও বলেন, তার বাবাকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
এদিকে, এ প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে মৃত্যুর আগে দেলোয়ারকে ফেসবুক লাইভে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতে দেখা গেছে। এতে তিনি বলেন, ‘আমি দেখতেছি প্রধানমন্ত্রী হাসিনা যতটুকু এখানে উন্নয়ন করেছে, এই পৃথিবীতে মনে হয় কেউ করতে পারে নাই। আমি দু’টি বিয়ে করেছি, আরও একটি বিয়ে করে সন্তান জন্ম দিব। সে শুধু আওয়ামী লীগ শব্দটা যেন বলে, ছেলে ও মেয়ে যাই হোক। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে আমাদের যে হয়রানিগুলো করতেছে এগুলো জীবনভর আমাদের মনে থাকবে। আমাদের নেতা ইনশাল্লাহ চলে আসতেছে, ঢুকে গেছে। আপনারা নেতা-কেতা যেগুলো সাতকানিয়া আছেন তারা প্রস্তুত হয়ে যান, ঠিক আছে ? আমাদের নেত্রী ইনশাল্লাহ আসবেই, আসবে। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যেগুলো করছে, সেগুলো মনে আছে, মনে রেখে দিব।যাক আমরা তাদেরকে দোয়া করি।’




