নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে সদ্য উদ্বোধন হওয়া একটি মডেল মসজিদের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। এতে মসজিদের ভেতরে আগুন ধরে যায় এবং মেঝে ও দেয়ালে ফাটল দেখা দেয়। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসির আরাফাত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার মসজিদটি উদ্বোধন করেন। গতকাল রাতে মসজিদের দ্বিতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মসজিদের ভেতরে আগুন ধরে যায়। এ ছাড়া দ্বিতীয় তলার মেঝে ও দেয়াল ফাটলসহ জানালার কাচ ভেঙে যায়।’
এ ঘটনার খবর পেয়ে আজ বুধবার সকালে মসজিদটি পরিদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, ‘বিষয়টি নাশকতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য বোম্ব ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হক অ্যান্ড ব্রাদার্স। এর আগে মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিলেন স্থানীয়রা।




