তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে তিনি এই পরিদর্শনে অংশ নেন।
প্যাভিলিয়নে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। পরবর্তীতে তারেক রহমান প্রদর্শনী কেন্দ্রে রক্ষিত বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত নানা পদক্ষেপের চিত্র তুলে ধরা উপস্থাপনা গভীরভাবে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। তিনি প্যাভিলিয়নে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জলবায়ুবিষয়ক কার্যক্রম তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্যাভিলিয়নের সার্বিক কার্যক্রম ও প্রদর্শনীর বিষয়াদি প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান।




