বরিশাল প্রতিনিধি: সফল নারীদের সম্মাননা, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালিসহ নানা আয়োজনের মধ্যদিয়ে আজ বুধবার (০৮ মার্চ) সকালে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন করা হয়। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংস্থা যৌথভাবে এসকল অনুষ্ঠানের আয়োজন করে।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
সকালে নগরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন র্যালিতে নেতৃত্ব দেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে দিবসের আলোচনা সভা, সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, ঘরে-বাইরে নিরাপদ থাকতে হলে নারীদের যোগ্যতা দিয়ে এগিয়ে আসতে হবে। তাদের অবস্থান যোগ্যতা দিয়ে তৈরি করে নিতে হবে। নারীরা পারবেন না এমন কথা বলা যাবে না। দেশের সকল আন্দোলন সংগ্রামে নারীদের অবদান রয়েছে।
তিনি আরও বলেন, নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে। সাম্য বজায় রেখে নারী পুরুষ পাশাপাশি থাকতে চাই, মুখোমুখি নয়।
এসময় পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, উপপরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ, বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা বক্তৃতা করেন।




