মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি বলেছেন, ‘সীমান্ত আইন লঙ্ঘন নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। ইতোমধ্যে মিয়ানমারের উত্তপ্ত পরিস্থিতি গভীরভাবে অবলোকন করা হচ্ছে। নতুন করে আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। এ জন্য সতর্ক রয়েছে বিজিবি।’আজ বুধবার ০৭ সেপ্টেম্বর সকালে হোটেল সীগালের বলরুমে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ দ্যা রোল মডেল ফর ইনক্লুসিভ ডেভলপমেন্ট শীর্ষক অভিজ্ঞতা ও অর্জন বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন সহযোগী হিসেবে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পাশে থাকবেন। নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবেন।’
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) সরোয়ার কামাল।
এতে আরো বক্তব্য রাখেন ইপসা’র, ফিন্যান্স ডিরেক্টর পলাশ চৌধুরী, গ্লোবাল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম ও একতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম।
পরে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে জেলার ৮টি উপজেলায় নির্মাণ করা ৩৪৫ টি সেমি পাকা ঘরের চাবি হতদরিদ্র পরিবারের মাঝে তুলে দেয়া হয়। ঘরের চাবি পেয়ে পরিবারগুলোর মাঝে আনন্দ বিরাজ করে।
অনুষ্ঠানে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন এর সহযোগী এনজিও প্রতিষ্ঠানের চেয়ারম্যন, প্রধান নির্বাহী, নির্বাহী পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্টরা সহ সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
Post Views: 270




