চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শাখা ছাত্রলীগের পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ,কমিটিতে পদপ্রাপ্ত নেতাদের যোগ্যতা অনুযায়ী ক্রমানুসারে পুনমূল্যায়ন এবং কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ব্যনারে ৭টা উপগ্রুপ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ২০২২) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করে চবি শাখা ছাত্রলীগের ৭টি উপগ্রুপের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দাবি জানিয়ে বলেন, গত ৩১ জুলাই ২০২২ প্রকাশিত কমিটিতে পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অর্ন্তভুক্তকরণ করতে হবে। কমিটিতে পদপ্রাপ্ত নেতাদের যোগ্যতা অনুযায়ী যোগ্যস্থানে ক্রমানুসারে পুনমূল্যায়ন করতে হবে। এছাড়া উক্ত কমিটিতে পদপ্রাপ্ত বিবাহীত, চাকরীজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে যথাযত সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করতে হবে।
মানববন্ধনে চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দূর্জয় বলেন, এ কমিটিতে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। যারা কমিটিতে আছে তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক বিতর্ক আছে। বিবাহিত, চাকুরীজীবিদের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেয়া হয়েছে। তাই আমরা এই মানববন্ধনের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আহ্বান জানাই যে অতি শিগগিরই ত্যাগী, পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করা হোক।
আরেক সহ-সভাপতি রাকিবুল হাসান দিনার বলেন, বর্তমান পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র জুনিয়র হিসাবে না রেখে কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সিনিয়র পদ পায়নি কিন্তু দেখা যায় জুনিয়র পদ পেয়ে গেছে। আমরা চাই এই পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করা হোক।
উল্লেখ্য, গত ৩১ জুলাই তিন বছর পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৭৬ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।




