প্রেস বিজ্ঞপ্তি: র্যাব এর অভিযানে ফেনী হতে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী আটকসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আজ শুক্রবার ১৯ আগস্ট দুপুর ১টায় ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করার সময় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ মিলন (৩৫) কে আটক করেন।
র্যাব গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকযোগে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি ট্রাক তল্লাশী করে আসামী মোহাম্মদ মিলন (৩৫), পিতা- আব্দুল মালেক, সাং- দানা মিয়া বাজার, থানা- মাইজদি, জেলা- নোয়াখালীকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো মতে ট্রাকের ড্রাইভিং সীটের পার্শ্বে দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে মোট ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (ফেন্সিডিল) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




