চকরিয়া প্রতিনিধি ::বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে খুনিরা ভেবেছিলো স্বাধীন এ দেশকে ধ্বংস করে দিতে পারবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার দেয়া দেশটিকে ভালোবেসে পিতার স্বপ্নের সোনার বাংলায় উন্নীত করছেন। আজ সোমবার ১৫ আগষ্ট সকাল দশটায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে চকরিয়া জাতীয় শোকদিবস পালন কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার সঙ্গে জড়িতদের বিচার করেছে, অনেক খুনি এখনও দেশের বাইরে রয়েছে। খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং ঘটনার কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ সিআইপি।
সাহলাহউদ্দিন সিআইপি বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আগামী ২০৪১ সালের আগেই এদেশ বিশ্বে উন্নত ও মর্যাদাশীল দেশে উন্নীত হবে। কিন্তু প্রধানমন্ত্রীর এসব অর্জন ধ্বংস করে দিচ্ছেন দলের কিছু নেতা ও জনপ্রনিধিরা।
সালাহউদ্দিল আরও বলেন, ডাকাতি, দখলবাজি ও চাঁদাবাজি থেকে ফিরে আসার ওয়াদা দেওয়ায় এক নেতাকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব দিয়েছিলাম। পরবর্তীতে জনপ্রতিনিধিও বানিয়েছিলাম। কিন্তু নেতা হলেও তিনি আচরণ বদলাতে পারেনি। চিংড়িঘের ও সাধারণ মানুষের জমি দখল এখন তার নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানুষ এসব অপকর্ম থেকে মুক্ত চায়। শোক সভা শেষে দলীয় নেতাকর্মী ও দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এরআগে সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা জাতীয় শোকদিবস পালন কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক একেএম গিয়াস উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মুসলেহ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোজাফ্ফর হোসেন পল্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, চিরিঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, আবছার উদ্দিন মাহমুদ, পরিমল বডুয়া, আমান উদ্দিন, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি শওকত ওসমান, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল দরবেশী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও ইবনুল জায়েদ প্রমুখ।




