বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ল্যান্ড কমিশন) চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক বান্দরবানে কার্যক্রমের গতিশীলতার লক্ষে শাখা অফিস পরিদর্শণ করেছেন।
রবিবার (২৪ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদস্থ অফিস পরিদর্শণকালে তিনি বলেছেন- ‘সমস্যা জিইয়ে রাখলে সফলতা পাওয়া যায়না। এতে সমস্যা আরো বাড়ে। সমস্যা সমাধান না হলে পাহাড়ে জটিলতা সৃষ্টি হবে আগামীতে। পক্ষদ্বয়ের অসহযোগিতার কারণে আমরা ২০-২৫বছর ধরে কিছুই করতে পারিনি, এটা আমাদের ব্যার্থতা।
কমিশনে বাঙ্গালীদের কোন সদস্য না থাকা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করছে। এখানে আমার করার কিছুই নেই। আইনে যা রয়েছে তাই। আমি ইচ্ছা করলে বাড়াতে বা কমাতে পারব না। এতোদিন কাজের জন্য আমরা মাঠে নামতে পারছিলাম না। এই ক্ষেত্রে দুইপক্ষকে সহায়তা করতে হবে।
পরে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও কমিশনের সদস্য ক্য শৈ হ্লাসহ বান্দরবান শাখা অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এসময় পার্বত্য ভূমি কমিশনের সচিব মো: নেজাম উদ্দিন, রেজিষ্ট্রার শেখ বদিউল আলম, মোহাম্মদ সাহাব উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সঙ্গে বৈঠক করেন কমিশন চেয়ারম্যান। এসময় নাগরিক পরিষদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।




