মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীকে স্ব-পরিবারে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দাবি করেছেন বিএনপির আহবায়ক। তিনি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার ১৪ জুলাই সকাল ১১টায় অগ্নিসংযোগের স্থান পরিদর্শন করেন মিরসরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বিএনপি নেতৃবৃন্দ শাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামে শাহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে যান।
এ সময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার চেয়ারম্যান, এফ কবির, মিরসরাই উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও ৮নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন, ৯নং মিরসরাই সদর ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দীন, ১৬নং সাহেরখালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী।
চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে দূর্বত্তরা। বুধবার ( ১৩ জুলাই) রাত ২ টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের মাহতাব চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটেছে।
শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ১৩ জুলাই রাত ২ টায় পরিবারের সবাই যখন গভীর ঘুমে। তখন পরিকল্পিত ভাবে আমি আমার স্ত্রী সন্তান সবাইকে একসাথে পুড়িয়ে মারার উদ্দেশ্যে ঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আল্লাহর অশেষ রহমতে অল্পের জন্য সবাই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমি প্রশাসনকে জানিয়েছি। এখনো কেউ ঘটনাস্থলে আসেনি। আমি আমার পরিবারের নিরাপত্তা চাই।




