পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটি মশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার পর চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি তামিমের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা আঞ্চলিক মহাসড়কে আচমকা মশাল মিছিল বের করেন। মিছিলের পরপরই ঘটনা জানতে পেরে ধাওয়া দেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে চারজনকে ধরে ফেলা হয় এবং তাদের মহিপুর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
মহাসড়কে ওই মিছিলটি হওয়ার পরপরই শত শত বিএনপি নেতাকর্মী রাজপথে নেমে আসেন। যেকোনো ধরনের নাশকতা এবং আওয়ামী শক্তির তৎপরতা রুখে দিতে মহিপুর সদর ও স্থানীয় সেতু সংলগ্ন এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন বিএনপির নেতাকর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে পুলিশ তৎপর হয় এবং ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া বাকিদের গ্রেপ্তারে আইনশৃঙখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।




