রাঙামাটির রাজস্থলী উপজেলায় অভিযান চালিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে শনিবার সকালে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের বিষয়ে গোপন খবর পেয়ে শুক্রবার মধ্যরাত থেকেই রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালে সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার বিষয়টি স্পষ্ট হয়। পরে ওই এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী থানার এসআই নুরজামান জানান, রাঙ্গুনিয়া থানায় দায়েরকৃত মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে সাজ্জাদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে তাকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।




