মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য নির্ধারিত ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। এর ফলে সরকারকে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে বাধ্য হতে হচ্ছে, যা রাষ্ট্রীয় কোষাগারে বিশাল চাপ সৃষ্টি করেছে। গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি উল্লেখ করেন, দেশের জীবাশ্ম জ্বালানির বড় অংশ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের অস্থিরতার সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের অর্থনীতিতে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়ার পাশাপাশি বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচ বৃদ্ধি পাচ্ছে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য মূল্যস্ফীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
উপদেষ্টা আরও জানান, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে সরকার ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ হিসেবে পরিশোধ করেছে। জ্বালানি নিরাপত্তা জোরদারের কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় দেশে ডিজেলের মজুত ছিল মাত্র ১৭ দিনের, যা বর্তমানে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে ৯০ দিনের জ্বালানি মজুত গড়ে তোলা।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট এবং ২০৪০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ থেকে ৫,৫০০ মেগাওয়াট এবং ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪,০০০ থেকে ৫,০০০ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বায়ু, বর্জ্য এবং কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে আরও ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে।
দেশীয় গ্যাস অনুসন্ধানে গুরুত্বারোপ করে উপদেষ্টা জানান, সরকার বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়িতে দৈনিক ১,০০০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্মেলনে জ্বালানি খাতের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা টেকসই জ্বালানি উত্তরণের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।




