সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কাছে জনতা বাজারে এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না এবং জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের বিষয়ে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। এছাড়া আগেও বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় জড়ো হন। সেখানে প্রথমে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দুই পক্ষের লোকজন জনতা বাজারে গিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আহতদের প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই সংঘাত চলে আসছিল। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ পৌঁছানোর আগেই সংঘর্ষ থেমে যায়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।




