ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা ২৭ বছর বয়সী আবদুল হাবিব ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে নিজের মেয়ের জন্মনিবন্ধন করাতে গিয়ে দীর্ঘ সময় ধরে সরকারি দপ্তরে ভোগান্তির শিকার হয়েছেন। তার অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকার কারণে মেয়ের জন্মনিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে তাকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে।
ঘটনার সূত্রপাত ঘটে গত ৮ সেপ্টেম্বর, যখন দিনহাটা মহকুমা হাসপাতালে হাবিবের স্ত্রী আমিনা খাতুন এক কন্যাসন্তানের জন্ম দেন। এরপর ১১ সেপ্টেম্বর মেয়ের জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে আবাসিক সনদ দাবি করে। তবে স্থানীয় চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত থেকে এই সনদ সংগ্রহ করা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, পঞ্চায়েত প্রধান নিয়মিত কার্যালয়ে উপস্থিত ছিলেন না এবং তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়েছিল। এমনকি স্থানীয় বিধায়কের দপ্তরে গিয়েও হাবিব কোনো সমাধান পাননি।
অবশেষে গত বৃহস্পতিবার দিনহাটা-২ ব্লকের ব্লক উন্নয়ন কর্মকর্তা (বিডিও) হাবিবকে আবাসিক সনদ প্রদান করেন। এরপর তিনি মেয়ের জন্মনিবন্ধনের আবেদন জমা দিতে সক্ষম হন। দ্য হিন্দুস্তান গেজেটের ২৮ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার তিনি মেয়ের জন্মনিবন্ধন সনদের রসিদ হাতে পেয়েছেন। হাবিব জানান, সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
হাবিবের দাবি, তার স্ত্রী এবং বাবা-মায়ের নাম ভোটার তালিকায় থাকলেও বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় তার নিজের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার এক বোনের নামও একইভাবে বাদ পড়েছিল। শুনানিতে হাজির হওয়ার পর বোনের নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করা হলেও, হাবিব এবং অন্য দুই ভাইবোনের নাম এখনো তালিকায় ফেরানো হয়নি। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করেছেন।




