পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে নতুন পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আগামী ১লা ডিসেম্বর থেকে যথারীতি বাংলাদেশের ভিসা কার্যক্রম চালু থাকবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন।
উপ দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুনভাবে 'সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস' নামের একটি প্রতিষ্ঠানকে ভিসার আবেদন প্রক্রিয়ায় সহায়তার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই দায়িত্বে থাকা সংস্থা 'ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড'-এর সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৩০শে নভেম্বর শেষ হচ্ছে। উপ দূতাবাস ৩০শে নভেম্বরের পর এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় ১লা ডিসেম্বর থেকে ভিসা বন্ধের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আর থাকছে না। পূর্ববর্তী এক নির্দেশনায় উপ হাইকমিশন ৩০শে নভেম্বরের পর বিদ্যমান দুই কেন্দ্রে আবেদন জমা না দেওয়ার কথা জানিয়েছিল।
গত ২৪শে নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন আবেদন কেন্দ্রগুলোর ঠিকানা প্রকাশ করা হয়েছে। আগামী ১লা ডিসেম্বর থেকে কলকাতায় আবেদন জমা দেওয়া যাবে সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত সিমসিস টাওয়ার, প্লট ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, সল্ট লেক, কলকাতা ৭০০০৯১ ঠিকানায়। অন্যদিকে, শিলিগুড়িতে ভিসা আবেদন নেওয়া হবে সেবক রোডে অবস্থিত সিটি মলের প্রথম তলার নতুন কার্যালয়ে।
বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড় রাজ্যের নাগরিকরা এই সেবা পাবেন। একই সঙ্গে এসব রাজ্যে দীর্ঘমেয়াদে বসবাসকারী বিদেশি নাগরিকরাও বাংলাদেশের ভিসার জন্য এই দুটি নতুন ঠিকানায় তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।




