জামালপুরে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, সড়ক ও রেলপথে টায়ার জ্বালিয়ে অবরোধ, অগ্নিসংযোগ এবং একের পর এক বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত ৯০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার ও রেলওয়ে স্টেশন এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাজারের এক পান ব্যবসায়ীর চৌকির নিচে লাল স্কচটেপে মোড়ানো একটি বস্তু পাওয়া যায়, যাতে 'সাবধান, বিপজ্জনক, দূরে থাকুন' লেখা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে। এর কিছু সময় পর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন এলাকার সামনে একই ধরনের আরেকটি বস্তু দেখতে পান স্থানীয়রা।
উদ্ধার হওয়া বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কোনো মহল এসব করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
একই দিনে জামালপুর শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের চন্দ্রা এলাকায় নিষিদ্ধঘোষিত দলের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রা মিয়াবাড়ি রোডের একটি গলি থেকে মিছিলটি বের হয়ে বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে কম্পপুর মোড়ে গিয়ে শেষ হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, মিছিলকারীদের কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি, তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
এদিকে শনিবার সকাল সোয়া ১০টার দিকে জামালপুর শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের চন্দ্রা এলাকায় ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রা মিয়াবাড়ি রোডের একটি গলি থেকে মিছিলটি বের হয়ে বাইপাস সড়ক প্রদক্ষিণ করে কম্পপুর মোড়ে গিয়ে শেষ হয়।




