মিয়ানমারের সংঘাতকবলিত একটি এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির সময় সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হামলার আগে তিনি কাছাকাছি এলাকায় বিমানের ওড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। তবে তিনি ভেবেছিলেন তাদের গ্রামে বোমা ফেলা হবে না। এরপর তিনি বাড়ির ভেতরে যাওয়ার পরপরই বিস্ফোরণের তীব্র শব্দ শুনতে পান এবং ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া দেখতে পান। তিনি আরও জানান, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল ওই বাড়িতে। হামলার পরপরই তিনি সেখানে ছুটে গিয়ে উদ্ধারকাজে সহায়তার চেষ্টা করেন এবং ঘটনাস্থলে ১৭টি মরদেহ দেখতে পান।
প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি হামলার পর আহতদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার ভিডিও ধারণ করেছেন। তবে এএফপি স্বাধীনভাবে এই ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া ছবিতে ছয়টি মরদেহ দেখা গেছে, যার মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে এসব ছবির সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি।
২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত। মোয়ে বাই শহরটি বর্তমানে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকায় বিরোধী বাহিনীর শক্তিশালী তৎপরতা রয়েছে। এই হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।




