ঝালকাঠির বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। তুলনামূলক বেশি দামে সবজি বিক্রি হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও ভোগান্তি বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কয়েকদিন আগে টানা তিন দিনের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে রবি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে স্থানীয় উৎপাদন ব্যাহত হয়েছে।
বর্তমান বাজার দর অনুযায়ী, প্রতি কেজি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৪০ থেকে ৫০ টাকা এবং মুলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ আকারভেদে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, স্থানীয় উৎপাদন কমে যাওয়ায় তাদের বাইরের জেলা থেকে সবজি সংগ্রহ করতে হচ্ছে। পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। খুচরা বিক্রেতা মো. আরিফ হোসেন জানান, বৃষ্টির কারণে ফসলের মাঠ নষ্ট হওয়ায় সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের সঙ্গে সবজির এই বাড়তি দাম সাধারণ মানুষের সংসারের খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ক্রেতারা বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদ জানান, অসময়ের এই বৃষ্টিতে ধান ও শাক-সবজিসহ সব ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে একদিকে জনজীবনের দুর্ভোগ, অন্যদিকে সবজির বাড়তি দামে সাধারণ মানুষ নতুন করে অর্থনৈতিক চাপে পড়েছেন।




