ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে একই দিনে মুখোমুখি দুটি বিপরীতমুখী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে নতুন সরকার গঠনের রাজনৈতিক সমীকরণে তাঁর ক্ষমতার অবস্থান নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে জেরুজালেম জেলা আদালতের এক বিচারিক পরিস্থিতিতে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। এই পুরো রাজনৈতিক ঘটনার কেন্দ্রবিন্দুতে এখন চলে এসেছেন ‘টুগেদার’ পার্টির নেতা নাফতালি বেনেট এবং ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান।
সম্প্রতি রেডিও কান রেশেত বেত-কে দেয়া এক সাক্ষাৎকারে আভিগদর লিবারম্যান জানান, নেসেটের ১২০টি আসনের মধ্যে স্পষ্ট ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী বুধবারের মধ্যেই নতুন সরকার গঠন করা সম্ভব। তিনি তাঁর আগের অবস্থান থেকে সরে এসে ৬১ আসনের সমর্থনের আগাম শর্ত কার্যত তুলে নিয়েছেন। এর বিনিময়ে তিনি নিজের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং নিজ দলের নেতা ওদেদ ফোরারের জন্য বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিশ্চিত করেছেন। মাত্র সাতটি আসনের একটি দল দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয় পাওয়ায় বিরোধী জোটের নেতারা গভীরভাবে বিস্মিত হয়েছেন।
লিবারম্যানের সাক্ষাৎকারের সবচেয়ে বড় বার্তা ছিল ইরান প্রসঙ্গে। তিনি স্পষ্ট করেন যে, এই মুহূর্তে ইরানে সামরিক হামলা চালানো হবে সম্পূর্ণ বেআইনি। তাঁর অভিযোগ, নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার উদ্দেশ্যে ইরানকে উসকানি দিচ্ছেন, যা নির্বাচনের ফলাফল নস্যাৎ করে দিয়ে পুরো দেশকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। গোয়েন্দা তথ্য গুরুতর হলেও এখনই হামলার প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহু ও কাৎজের ক্ষমতার লালসা তাঁদের বিচারবুদ্ধিকে প্রভাবিত করছে। হারেৎজের এক বিশ্লেষণেও একই আশঙ্কা প্রকাশ করে বলা হয়, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠনের উদ্যোগ পণ্ড করতেই তাঁরা হিসাব কষে ইরানকে উসকে দেওয়ার চেষ্টা করছেন।
এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে ‘টুগেদার’ পার্টির নেতা নাফতালি বেনেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বেনেট এখনো নেতানিয়াহুকে সাথে নিয়ে ঐকমত্যের সরকার গঠনের পক্ষে কথা বলছেন, যদিও লিবারম্যানের চুক্তির কারণে তাঁর হাত থেকে প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ চলে গেছে। অতি-ধর্মীয় ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না দেওয়ার অযুহাতে গাদি আইজেনকটের সঙ্গে বৃহস্পতিবারের নির্ধারিত বৈঠক বাতিল করেন বেনেট। তবে বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির সরকার গঠিত হলেও তা বেশিদিন টিকবে না। আইজেনকটের পক্ষে ২৪ থেকে ২৫ জন সংসদ সদস্য থাকতে পারেন, অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে থাকবেন অন্তত ৪৬ জন সংসদ সদস্য। ফলে সুযোগ পেলেই নেতানিয়াহু সরকারটি ফেলে দেওয়ার চেষ্টা করবেন।
ইসরায়েলের প্রভাবশালী রাজনৈতিক কলামিস্ট ইয়োসি ভার্টারের মতে, এমন সরকার গঠনের মূল উদ্দেশ্য হবে নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখা, যিনি গত ৭ অক্টোবরের ভয়াবহ নিরাপত্তা ব্যর্থতার জন্য সরাসরি দায়ী। এ প্রসঙ্গে ১৯৯৮ সালে এহুদ বারাকের মন্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, 'বিবিকে বাঁচানো নয়, ক্ষমতা থেকে নামানো উচিত।' অবশ্য জেরুজালেম জেলা আদালত থেকে নেতানিয়াহু কিছুটা স্বস্তির খবর পান। দুর্নীতির মামলায় আদালতের তিন বিচারকের ভূমিকা ও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগে নেতানিয়াহুর আইনজীবী আমিত হাদাদ মামলার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এরপর নেতানিয়াহু নিজেকে রাজনৈতিক চক্রান্তের শিকার দাবি করে বিচারব্যবস্থা ও পুলিশের তদন্তকারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তবে ৭ অক্টোবরের পর বেনি গান্টজ ও আইজেনকট তাঁর যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিক বয়কটের দাবি বাস্তবসম্মত নয় বলে উল্লেখ করা হয়।
একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরে অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক সংকেতও নেতিবাচক রূপ নিচ্ছে। উত্তর ও দক্ষিণ ইসরাইল পুনর্গঠনের জন্য গঠিত তনুফা ও তেকুমা সংস্থার বাজেট থেকে আরও ৩০ কোটি শেকেল (প্রায় ৯ কোটি ডলার) বরাদ্দ কমানো হয়েছে এবং স্বাস্থ্য ও কৃষি খাতের অনুমোদিত অর্থও আটকে আছে। যদিও নেতানিয়াহু দাবি করেছেন, তাঁর দুর্নীতির তদন্ত ও বিচারে ব্যয় হওয়া অর্থ দিয়েই এই পুনর্গঠন সম্ভব হতো। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা ইসরাইলের ভবিষ্যৎ নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার সতর্ক করেছেন, গাজা নীতি পরিবর্তন না করলে ইসরাইল বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়তে পারে। তিনি ক্রমাগত যুদ্ধকালীন মানসিকতা ছেড়ে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার কথা বলেছেন। ইয়োসি ভার্টারের আশঙ্কা, ৭ অক্টোবরের আগে নিরাপত্তা কর্মকর্তাদের আঞ্চলিক যুদ্ধের সতর্কবার্তা যেভাবে নেতানিয়াহু উপেক্ষা করেছিলেন, তেমনি এখনো আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কবার্তা উপেক্ষা করলে দেশটি কূটনৈতিক, অর্থনৈতিক ও নতুন সামরিক ঝুঁকিতে পড়বে।




