আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলার সমাপ্তি টানতে যাচ্ছেন দেশের প্রবীণ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে টেস্ট সিরিজ খেলবে, তার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। আর এই মিরপুর টেস্ট শেষেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন মুশফিক। ইতিপূর্বে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ায় ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর ম্যাচটিই হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের লাল-সবুজ জার্সিতে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকুর রহিমের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, মুশফিক কয়েক দিন আগে তাকে ফোনে এই সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেন এবং তারপর থেকে দুজনের মধ্যে নিয়মিত কথা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’ তামিম আরও জানান, তিনি মুশফিককে কোনো ফেসবুক স্ট্যাটাস না দিয়ে নিজে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিতে অনুরোধ করেছিলেন। কারণ মুশফিক বাংলাদেশ ক্রিকেটের একজন অসাধারণ সেবক এবং বিসিবি চেয়েছিল বিষয়টি যেন যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়। তবে মুশফিকের ব্যক্তিগত অনুরোধেই বিসিবি সভাপতির পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।
মুশফিকের মতো বড় মাপের ক্রিকেটারের বিদায়ের সিদ্ধান্তে নিজের মন খারাপের কথা উল্লেখ করে তামিম ইকবাল জানান, তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ভেবে খারাপ লাগলেও বিসিবি এই বিদায়ী টেস্ট ম্যাচটিকে একটি স্মরণীয় ও বর্ণাঢ্য আয়োজন হিসেবে তুলে ধরতে চায়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১০৮টি টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে ১৯৯টি ইনিংসে ব্যাটিং করে তার মোট রান ৭ হাজার ৬২। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ১৪টি চমৎকার সেঞ্চুরি।




