পেশাদার ফুটবল থেকে অকালে অবসরে যেতে বাধ্য হওয়া আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরো এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি বিশ্বাস করেন, হৃদযন্ত্রের গুরুতর সমস্যা না থাকলে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আগেই ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা তার পক্ষে সম্ভব ছিল।
সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া এক বক্তব্যে আগুয়েরো বলেন, "সত্যি বলতে স্বাস্থ্যগত সমস্যা না হলে ক্রিশ্চিয়ানোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম।" তবে রোনালদোর অর্জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও যোগ করেন, "তার কৃতিত্বকে ছোট করার জন্য কথাটি বলছি না। সে যা করছে, বিশেষ করে এ বয়সেও, তা অবিশ্বাস্য। এটা কেবল আমার নিজের অনুভূতি।"
২০২১ সালের ডিসেম্বরে মাত্র ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানান আগুয়েরো। এর আগে একই বছরের অক্টোবরে বার্সেলোনার হয়ে আলাভেসের বিপক্ষে ম্যাচে মাঠে বুকে অস্বস্তি অনুভব করেন তিনি। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করলে হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে, যার ফলে তিনি আর কখনোই পেশাদার ফুটবলে ফিরতে পারেননি।
ম্যানচেস্টার সিটির হয়ে ৩৯০ ম্যাচে ২৬০ গোল করা আগুয়েরোর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট গোলসংখ্যা ৪২৭। অন্যদিকে, রোনালদো এখনো তার গোল সংখ্যা বাড়িয়ে চলেছেন। গত ২৪ নভেম্বর আল-সাদের বিপক্ষে আল নাসরের জয়ে পেনাল্টি থেকে গোল করে রোনালদো তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮৭-এ উন্নীত করেছেন। এই হিসেবে পর্তুগিজ এই তারকা এখন এক হাজারের মাইলফলক থেকে মাত্র ১৩ গোল দূরে রয়েছেন।




