সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলার দৌলতখান উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
সমাবেশে বিএনপি নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে দেশে আর কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিণতি কখনোই ভালো হবে না বলে তারা সতর্ক করে দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কবীর স্বপন, পৌর বিএনপি নেতা মোসলেহ উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদ মিয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




