আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নটু মিত্র (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় চিকিৎসক সফি আলমের চেম্বারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নটু মিত্র উপজেলার বোয়ালগাঁও এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম হিমাংশু মিত্র।
প্রত্যক্ষদর্শী জাহেদুল ইসলাম জানায়, টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাতরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। আহতদেরকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজন মারা গেছেন।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। এর আগে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




