হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। বুধবার দেশটির সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ইরানের সেনাবাহিনীর ভাষ্যমতে, আকাশসীমায় ড্রোনটির উপস্থিতি শনাক্ত হওয়ার পর তারা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটির অবস্থান নিশ্চিত করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে ড্রোনটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল বা কোন ধরনের অভিযানে ছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। এছাড়া ড্রোনটি ভূপাতিত করতে ঠিক কোন ধরনের প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়েছে, সেটিও স্পষ্ট করা হয়নি। এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




