সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে চার লাখ টাকা ও অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা করার দায়ে দু’টি সমিলকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় স’মিলে সংরক্ষিত থাকা গোল কাঠ এবং দুটি মেশিন জব্দ করে ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
জরিমানাকৃত ইটভাটা দু’টি হলো—উপজেলার জালালাবাদ ইউনিয়নের শামসুদ্দিন ও সালামত উল্লাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় চার লক্ষ টাকা অর্থদন্ড এবং পোকখালী ব্রিজ সংলগ্ন অবৈধভাবে লাইসেন্সবিহীন স’মিল পরিচালনা করার দায়ে মোফিজ উদ্দিন ও শামসুল আলমকে করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় বিশ হাজার টাকা অর্থদন্ড এবং জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।
ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়। একইসঙ্গে মোট চার লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সাথে করাতকল দু’টিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় ঈদগাঁও থানার ওসি তদন্ত সোমনাথ বোস, ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা উজ্জল হোসাইন, বিট অফিসার ফরহাদ বিন বেলাল, আনসার সদস্য ও গ্রাম পুলিশসহ স্থানীয়রা অভিযানে সহযোগিতা করেন।




