রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় মারজিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে এই আদেশ দেন। আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় রিমির জামিন মঞ্জুর করেন। একই শুনানিতে আদালত ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াসের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।
এর আগে গত ১১ অক্টোবর আদালত এই মামলায় আসামি সাকিবুল হাসান ও নূর মোহাম্মদ আয়াসের তিন দিন এবং মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথিপত্র থেকে জানা যায়, গত ৯ অক্টোবর আসামি আল নূর মোহাম্মদ আয়াস গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামিরা ঘটনাস্থলে জড়ো হন। সেখানে সাকিবুল হাসান উসকানিমূলক বক্তব্য দেন। এসময় মারজিয়া খন্দকার রিমি বলেন, ‘আমরা এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়ন চালানো হয়েছে। এই নিপীড়ক রবীন্দ্রনাথের ছবি বাংলাদেশের কোনো দেয়ালে দেখতে চাই না।’ এমন মন্তব্যের পর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি মেখে দেন।
এ ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগও যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ফুটপাতের হকার উচ্ছেদের পর শিল্পকলা একাডেমির বিপরীত পাশে গণপূর্তের সীমানাপ্রাচীরে বাংলাদেশ শিল্প, সংস্কৃতি ও সাহিত্যবিষয়ক বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়েছিল।




