জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধে কমিশন কঠোর অবস্থানে যেতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি স্পষ্ট করে বলেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি পেতে এবং জনগণের হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ব্লেম গেম’ করে সেবা দেওয়া সম্ভব নয়। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এনআইডি সেবায় হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়, তা নিশ্চিত করতে হবে। মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে মৌলিক তথ্য ও ন্যূনতম কাগজপত্র বিবেচনায় নিতে হবে এবং জনসাধারণের সচেতনতার স্তর অনুযায়ী কাজের প্রক্রিয়া সহজ করতে হবে। প্রতিদিন ডাক সই করার সময় এনআইডি-সংক্রান্ত আবেদনের দীর্ঘসূত্রতার অভিযোগ তাকে বিব্রত করে বলে তিনি উল্লেখ করেন।
আবেদনকারীদের দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, আবেদন গ্রহণের সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা বা মেসেজ দিয়ে তা অবহিত করতে হবে। আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে। তিনি বলেন, কেউ আবেদন করার পর ছয় মাস ধরে কোনো জবাব পাবেন না বা তার আবেদনের অবস্থা জানতে পারবেন না—এটি গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে মেমো নম্বর বা সিরিয়াল নম্বর প্রদানের ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি।
কর্মকর্তাদের একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে সিইসি বলেন, জন্মনিবন্ধন বা শিক্ষাগত সনদের অজুহাত দেখিয়ে সেবা থেকে বঞ্চিত করা যাবে না। গ্রামের বয়স্ক মানুষের ডিজিটাল সক্ষমতা ও সচেতনতার বিষয়টি বিবেচনায় রেখে সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প ব্যবস্থার বিষয়েও তিনি কর্মকর্তাদের পরামর্শ চেয়েছেন।
নির্বাচন কমিশনের দায়িত্বের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সিইসি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় কমিশন নিতে পারে না, তবে এনআইডি প্রদানের ক্ষেত্রে ন্যূনতম কাগজপত্রের তালিকা নির্ধারণ করতে হবে যাতে নাগরিকরা অযথা হয়রানির শিকার না হন। অনুষ্ঠানের শেষভাগে কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ কামনা করে এনআইডিকেন্দ্রিক দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কর্মশালায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেউ ছয় মাস আগে, কেউ ১০ মাস আগে, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন।




