মানবজীবনে স্বাস্থ্যকে সমস্ত সুখের মূল হিসেবে বিবেচনা করা হয়। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি মানুষের শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত শরীর চর্চার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে ইসলামে স্বাস্থ্য সুরক্ষা ও শারীরিক সক্ষমতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) নিজে নিয়মিত ব্যায়াম চর্চা করতেন এবং অনুসারীদেরও সুস্থ থাকার জন্য শরীর চর্চায় উৎসাহিত করতেন। তিনি নির্দোষ খেলাধুলা, ঘোড়দৌড়, কুস্তি ও তীর নিক্ষেপ চর্চার জন্য সাহাবিদের তাগিদ দিতেন।
মানুষের জীবনযাত্রা ও কর্মস্পৃহা মূলত সুস্থতা ও অসুস্থতার ওপর নির্ভর করে। শারীরিক শক্তির বিষয়ে রাসুল (সা.) এরশাদ করেছেন, দুর্বল মুমিনের তুলনায় সবল মুমিন অধিক কল্যাণকর এবং আল্লাহর কাছে অধিক প্রিয়; তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে (মুসলিম: ২৬৬৪)। ইসলাম শুধু রোগ আক্রান্ত হলে চিকিৎসাকেই প্রাধান্য দেয়নি, বরং রোগ প্রতিরোধের ওপর সর্বোচ্চ জোর দিয়েছে। যেসব কারণে মানুষ ব্যাধিগ্রস্ত হয়, ইসলামী বিধানে সেগুলোকে আগেই নিষিদ্ধ করা হয়েছে। হালাল ও হারাম খাদ্যের বিধান পর্যবেক্ষণ করলেও ইসলামের এই রোগ প্রতিরোধ নীতির স্পষ্ট প্রমাণ মেলে।
ইসলামে ইবাদত সঠিকভাবে সম্পাদন করার জন্যও কায়িক ও শারীরিক শক্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সুস্থ শরীর ও কায়িক সামর্থ্যকে আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত হিসেবে বর্ণনা করা হয়েছে। হাদিসে এসেছে, যে ইমানদারের শারীরিক শক্তি আছে, সে শ্রেষ্ঠ ও আল্লাহর কাছে প্রিয় (মুসলিম: ৬৯৪৫)। শরীর সুস্থ না থাকলে মানুষ দুর্বল হয়ে পড়ে এবং বার্ধক্যের আগেই বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে অকালমৃত্যুর ঝুঁকিতে পড়ে। এক সাহাবি সারাদিন রোজা রাখা ও রাতভর নামাজে ব্যস্ত থাকলে মহানবী (সা.) তাকে সতর্ক করে বলেন, নিশ্চয়ই তোমার ওপর তোমার শরীরের হক রয়েছে (বোখারি: ৫৭০৩; তিরমিজি: ২৩৫০)। এছাড়া জীবন হারানোর আগেই যে পাঁচটি নেয়ামতকে গনিমত হিসেবে মূল্যায়নের কথা বলা হয়েছে, তার অন্যতম হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতা (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ৮/১২৭; সহিহুল জামে: ১০৭৭)।
শরীর চর্চার ইতিহাস প্রাচীন। বিশ্বের বিভিন্ন প্রান্তে শক্তি পরীক্ষা ও প্রতিযোগিতার মাধ্যম হিসেবে কুস্তির প্রচলন ছিল, যা এখনো সীমিত আকারে দেখা যায়। রাসুল (সা.)-এর যুগেও এই শারীরিক কসরতের রেওয়াজ ছিল। বদর যুদ্ধের পূর্বে রাসুল (সা.) তাঁর বাহিনীতে যোগদানে ইচ্ছুক কিশোরদের শারীরিক সক্ষমতা যাচাই করে অপ্রাপ্তবয়স্কদের আলাদা করছিলেন। সে সময় হজরত রাফে ইবনে খাদিজ (রা.) ও হজরত সামুরা ইবনে মুররি (রা.) নামের দুই কিশোরকে বাদ দেওয়া হচ্ছিল। তখন রাফে পায়ের আঙুলে ভর দিয়ে নিজেকে লম্বা দেখানোর চেষ্টা করে সামরিক পরীক্ষায় উত্তীর্ণ হন ও যুদ্ধে অংশগ্রহণের অনুমতি পান। এতে অপর কিশোর সামুরা মহানবী (সা.)-এর কাছে গিয়ে অনুরোধ জানান যে, তিনি কুস্তিতে রাফেকে হারিয়ে দিতে পারেন, তাই তাকেও যেন সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে রাসুল (সা.) তাদের মধ্যে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করলে সামুরা রাফেকে পরাজিত করেন। এতে সন্তুষ্ট হয়ে মহানবী (সা.) সামুরাকেও সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন (সিরাতে ইবনে হিশাম)।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, নিয়মিত শরীর চর্চা করলে মস্তিষ্ক থেকে বেশ কিছু রাসায়নিক উপাদান নির্গত হয়, যা মানসিক প্রফুল্লতা ও প্রশান্তি আনে। প্রতিদিন অন্তত আধা ঘণ্টা হাঁটা, জগিং বা হালকা ব্যায়াম করলে রক্তের কোষগুলোতে অতিরিক্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছে, যা হৃদযন্ত্র ও রক্তনালিকে সচল রাখে। এতে শরীরের কর্মস্পৃহা এবং কাজের মনোযোগ বাড়ে। পাশাপাশি ঘুম সংক্রান্ত সমস্যা ও অনিদ্রা দূর হয়ে গভীর ঘুম নিশ্চিত হয় এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যেও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীরা প্রতিদিন দুই ঘণ্টার বেশি হাঁটলে ডায়াবেটিসজনিত মৃত্যুর হার ৩৯ শতাংশ এবং হৃদরোগজনিত মৃত্যুর হার ৩৪ শতাংশ হ্রাস পায়। এছাড়া দৈনিক ৩০ মিনিটের মাঝারি শারীরিক পরিশ্রম ইনসুলিনের সহনশীলতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম ওজন কমায়, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, রক্ত সংবহন উন্নত করে এবং স্ট্রোক, স্মৃতিভ্রংশতা ও আলঝেইমার্সের মতো জটিল রোগ থেকে সুরক্ষা দেয়। পেশি ও হাড়কে শক্তিশালী করার পাশাপাশি দাম্পত্য জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে শরীর চর্চা।




