পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামে এক হেলপার পুড়ে মারা গেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস রাখা ছিল। অগ্নিকাণ্ডের সময় টহলরত পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদে সরিয়ে নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি মো. জগলুল হাসান জানান, দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে বা কেন এই আগুন দেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।




