ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে দেশব্যাপী সারের ডিলার নিয়োগ ও স্বজনপ্রীতির অভিযোগকে কেন্দ্র করে সরকারি দল এবং বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে হইচই ও হট্টগোল হয়েছে। গতকাল বিকেলে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের দেওয়া বক্তব্যের সময় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপে অধিবেশন কক্ষ শান্ত হয়।
এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্ন তুলতে গিয়ে সারের ডিলার নিয়োগে অনিয়ম এবং সংসদ সদস্যদের আত্মীয়স্বজনকে ডিলারশিপ দেওয়ার অভিযোগ আনেন। মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদ শিরোনাম উদ্ধৃত করে বলেন, ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির, যাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি। এছাড়া এক সংসদ সদস্যের সন্তান এবং অন্য সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী ডিলারশিপ পেয়েছেন বলেও দাবি করেন তিনি। তিনি সারা দেশে ডিলার নিয়োগের ক্ষেত্রে 'মহোৎসব' হওয়ার অভিযোগ তুলে বলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে নিয়োগের সুপারিশ করেছেন এবং কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে সুপারিশ করা হয়েছে। ২০০৯ সালে বিরোধী দলে থাকতে বিএনপি যা অসাংবিধানিক বলেছিল, এখন তেমন ব্যবস্থাই করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং আওয়ামী লীগের আমলের ব্যবসায়ীদের সুযোগ দিতে মন্ত্রণালয় নিয়ম করেছিল কি না ও এসব নিয়োগ আবার পর্যালোচনা করা হবে কি না তা খতিয়ে দেখার দাবি জানান।
অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ডিলার নির্বাচনের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি পৃথক কমিটি গঠন করে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেওয়া হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আবেদন যাচাই-বাছাই করে জেলা কমিটিতে পাঠান। জেলা প্রশাসক (ডিসি) ও জেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত জেলা কমিটি পর্যালোচনার পর ক্রমানুসারে তিনজনের নাম মন্ত্রণালয়ে পাঠায় এবং মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে। মন্ত্রীর এই বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রী উল্লেখ করেন, তিনি নতুন মন্ত্রী এবং বক্তব্য প্রদানের সময় সাইড টক হলে সমস্যা হয়; জবাব পছন্দ না হলে পরবর্তীতে আবারও প্রশ্ন করার সুযোগ রয়েছে।
হট্টগোল মারাত্মক আকার ধারণ করলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, সদস্যদের কথা বলার ও উত্তর পাওয়ার অধিকার রয়েছে। সংসদকে পাঠশালা না বানিয়ে নিয়মানুগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি মন্ত্রীকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কৃষিমন্ত্রী পুনরায় বক্তব্য শুরু করে স্পষ্ট করেন যে, ডিলার নিয়োগের প্রস্তাব কোনো একক ব্যক্তির স্বাক্ষরে নয়, বরং জেলা কমিটির সকল সদস্যের স্বাক্ষরসহ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ীই পাঠানো হয়েছে।
একই সেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি রেখেছে সরকার। পাশাপাশি ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্ট, বিশেষ টাস্কফোর্স ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। মন্ত্রীর বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যদের ডিলারশিপ সুপারিশের অভিযোগ একেবারেই অসত্য। কোনো প্রমাণ থাকলে লিখিতভাবে মন্ত্রীকে জানানোর অনুরোধ করে তিনি অসত্য মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আবেদন জানান। নুরুল ইসলাম মনি আরও যোগ করেন, সংবেদনশীল পণ্য সারের ক্ষেত্রে বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্তদের বাতিল করে নতুন ডিলার নিয়োগে সংসদ একমত হয়েছিল এবং জারি করা প্রজ্ঞাপনে ভুলত্রুটি থাকলে আলোচনার মাধ্যমে তা সংশোধনের সুযোগ রয়েছে।




