যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থানে অন্তত ২০টি হামলা ও হামলার চেষ্টার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ জানায়, অভিযুক্ত ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর পক্ষে কাজ করতেন।
মামলায় অভিযুক্ত তিনজন হলেন—৩২ বছর বয়সি মোহাম্মদ বাকার সাদ দাউদ আল-সাদি, ৪৮ বছর বয়সি মোহসেন মোহাজেরি এবং ৩৫ বছর বয়সি মোহাম্মদ আলি আল-হাসানি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ যুক্ত করা হয়েছে। বর্তমানে আল-সাদি নিউইয়র্কের একটি কারাগারে বন্দি রয়েছেন। তবে অন্য দুই অভিযুক্তের বর্তমান অবস্থান সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার পরিকল্পনা তৈরি করা হয়েছিল। চক্রান্তের অংশ হিসেবে কয়েকটি সাদা ভ্যানে জ্বালানির ব্যারেল ও ধাতব বস্তু রাখা হয় এবং ভ্যানগুলোকে জ্বালানি সরবরাহকারী গাড়ি হিসেবে সাজানোর পরিকল্পনা ছিল। মার্কিন প্রসিকিউটরদের দাবি, ৩৫ বছর বয়সি আল-হাসানি অন্য ব্যক্তিদের ওই ঘাঁটিতে যাওয়ার নির্দেশ দেন। অন্যদিকে, নিউইয়র্কের কারাগারে থাকা ৩২ বছর বয়সি আল-সাদি ফোনে তার মা ও বোনের সঙ্গে সাংকেতিক ভাষায় কথা বলে আল-হাসানি ও ৪৮ বছর বয়সি মোহাজেরির সঙ্গে পুরো ষড়যন্ত্রের সমন্বয় সাধন করেন।
ঘটনার পর ব্রিটিশ পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করলেও পরে তারা জামিনে মুক্তি পান। পরবর্তীতে তাদের মধ্য থেকে দুজনকে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে ফের গ্রেপ্তার করা হয় এবং যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অবশ্য সব ধরনের অভিযোগ অস্বীকার করে এতে ইরান তাদের জড়িত থাকার বিষয়টি নাকচ করে দিয়েছে। ফেয়ারফোর্ড ঘাঁটির ওই ঘটনার কয়েক দিনের মধ্যেই মার্কিন সামরিক বাহিনী সেখান থেকে তাদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয়।
এর আগে গত মে মাসে আল-সাদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানোর নির্দেশের অভিযোগ আনা হয়েছিল। এসব ঘটনার মধ্যে এপ্রিল মাসে লন্ডনে দুজন ইহুদি পুরুষকে ছুরিকাঘাত এবং ইউরোপের বেশ কিছু অঞ্চলে সিনাগগ, ইসরাইলি ব্যবসাপ্রতিষ্ঠান ও ইহুদি স্কুলে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তবে আল-সাদি সব অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে একজন ‘যুদ্ধবন্দি’ হিসেবে দাবি করে আসছেন।
এদিকে, ইরানের সম্ভাব্য হুমকির বিষয়ের খবরের পর মঙ্গলবার ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের অন্য একটি সামরিক বিমানঘাঁটি আরএএফ মিলডেনহল থেকেও অন্তত ১২টি সামরিক বিমান সরিয়ে নিয়েছে।




