আজ রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছেন। এখন দলের মূল লক্ষ্য শিরোপা জয়। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই লক্ষ্যের কথা জানিয়েছেন দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।
সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী দেশের ফুটবলপ্রেমীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ভক্তদের এই সমর্থন তাঁর এবং তাঁর পরিবারের কাছে অত্যন্ত অর্থবহ। মাঠে নিজের সেরাটা দিয়ে তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান। হামজা বলেন, বাংলাদেশ ২৩ বছর ধরে সাফ শিরোপা জিততে পারেনি। ইনশা আল্লাহ, এবার তারা শিরোপা জিততে পারবেন।
হামজা আরও বলেন, সবকিছুই বাংলাদেশের জন্য এবং দেশের মানুষের জন্য। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা তাঁর জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি জানান, ইংল্যান্ডে থাকার সময়ও বহু বাংলাদেশি ভক্ত তাকে সমর্থন দিতে মাঠে আসতেন, যা তাঁর ও তাঁর পরিবারের কাছে অনেক বড় ব্যাপার। মাঠের পারফরম্যান্স দিয়ে তিনি এই সমর্থনের প্রতিদান দিতে চান।
ফুটবলকে দলীয় খেলা উল্লেখ করে হামজা বলেন, এখানে ব্যক্তিগত কেউ নয়, পুরো দলটাই মূল বিষয়। বাংলাদেশ দল ধাপে ধাপে উন্নতির দিকে যাচ্ছে। আগামীকালের ম্যাচটি নিয়ে তিনি দারুণ রোমাঞ্চিত এবং ঘরের মাঠের দর্শকদের সামনে বড় এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে আছেন। ২৩ বছর পর ট্রফিটি ঘরে তোলার ব্যাপারে তিনি আশাবাদী।



