ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন কর্মকর্তারা এই মূল্যায়নে পৌঁছেছেন যে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্র এখন আগের চেয়ে অনেক বেশি অগ্রসর পর্যায়ে রয়েছে। বেসেন্টকে লক্ষ্য করে পাওয়া গোয়েন্দা তথ্য এই মূল্যায়নের একটি প্রধান ভিত্তি হিসেবে কাজ করেছে।
আগস্ট মাস থেকে ইরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে কঠোর নিষেধাজ্ঞা এবং বাণিজ্যপথে বিধিনিষেধ আরোপের নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। এই ভূমিকার কারণেই তিনি ইরানের সম্ভাব্য হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে সূত্রগুলো জানিয়েছে। যদিও বেসেন্টের বিরুদ্ধে হুমকির ভয়াবহতা ঠিক কতটা তা এখনো স্পষ্ট নয়, তবুও মার্কিন কর্মকর্তারা একে গুরুতর হিসেবেই বিবেচনা করছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, বিদেশে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত হলেও, ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে তাদের সুনির্দিষ্ট হুমকি রয়েছে। এর আগে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনাও গোয়েন্দারা চিহ্নিত করেছিলেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের শাসকগোষ্ঠীর এই হুমকিতে বেসেন্ট দমে যাবেন না এবং দেশটির অর্থনীতির ওপর চাপ প্রয়োগের যে অভিযান চলছে, তা চালিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে বেসেন্ট সর্বশেষ ব্যক্তি যিনি ওয়াশিংটনের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটি বা অন্য কোনো সুরক্ষিত আবাসনে উঠলেন। গত বছর স্টিফেন মিলার এবং পাম বন্ডিসহ অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। বন্ডির ক্ষেত্রে হুমকির একটি কারণ ছিল ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে তুলে আনার ঘটনা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অর্থের উৎস বন্ধ করাই বেসেন্টের পরিচালিত এই অর্থনৈতিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। ট্রাম্পের ২৮ ফেব্রুয়ারির যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র যেন নতুন কোনো বড় সামরিক অভিযানে না জড়ায়, সেই লক্ষ্যে এই অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে। যদিও বেসেন্টসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা দাবি করছেন যে এই চাপ কাজ করছে, তবুও দুই মার্কিন কর্মকর্তার মতে ইরানের কট্টরপন্থি নেতৃত্ব যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি থেকে ইরান ট্রাম্পকে লক্ষ্যবস্তু করে আসছে। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই এই উত্তেজনা চলছে। ২০২৪ সালে ফেডারেল কৌঁসুলিরা ফরহাদ শাকেরি নামের এক ব্যক্তির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনেন, যিনি রেভল্যুশনারি গার্ডের একজন অপারেটিভ বলে দাবি করা হয়েছে। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা করা হয়েছিল। ট্রাম্প ক্ষমতায় ফেরার পরপরই তার জাতীয় নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের সরকারি নিরাপত্তা সুবিধা প্রত্যাহার করে নিয়েছিলেন, যার মধ্যে তার মিত্র হিসেবে পরিচিত সাবেক উপদেষ্টারাও ছিলেন। এছাড়া গত মাসে ইরান কর্তৃক মার্কিন নাগরিকদের বিরুদ্ধে হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মীদের সতর্কতা বৃদ্ধি এবং দূতাবাস ও কনস্যুলেটে লোকবল কমানোর উদ্যোগ নেয়া হয়েছিল।




