মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নের লক্ষ্যে আজ বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরকালে বিশেষ র্যাপোর্টিয়ার প্রধানত রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগ তৈরির বিষয়গুলোর ওপর নজর দেবেন। যদিও কেলি ই. কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের জন্য অনুমতি চেয়েছিলেন, তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এই সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়।
বাংলাদেশ সফরসূচির অংশ হিসেবে ঢাকায় সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই প্রতিনিধি। এছাড়া তার কক্সবাজার ও সেখানে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
আগামী ১৮ নভেম্বর এই সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এবং সেদিন তিনি একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। ২০২৭ সালের মার্চ মাসে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তিনি তার এই সফরের ওপর ভিত্তি করে পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।




