জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রংপুরের কিছু কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া রাজশাহীর কয়েকটি এলাকায়ও কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এই দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটের ফলে বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আর কে রোড ও টার্মিনাল এলাকা ক্ষতিগ্রস্ত হবে। নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, রাজশাহীতেও একই ধরনের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে। নেসকোর রাজশাহী দপ্তরের বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় ১১ কেভি নওহাটা ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। এই এলাকার আওতায় রয়েছে দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকা। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।




