২০৩৬ সাল নাগাদ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের দৈনন্দিন অর্থনীতির এমন এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হতে পারে যে, এর উপস্থিতি আমরা আলাদা করে খেয়ালই করব না। ব্যবসার সফটওয়্যার, কারখানার যন্ত্রপাতি কিংবা সরকারি সেবা—সর্বত্রই এর ব্যবহার থাকবে। বাংলাদেশে হয়তো কোটি তরুণ এআই ব্যবহার করবেন, কিন্তু তা সত্ত্বেও আগামী দিনের অর্থনীতিতে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা সীমিত থাকার এবং শিক্ষিত বেকার তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির ঝুঁকি রয়ে গেছে।
বাংলাদেশ যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন দেখছে, তার জন্য এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির প্রসারকে কেবল গ্রহণ করলেই হবে না, একে রপ্তানি সক্ষমতা, প্রাসঙ্গিক ও মানসম্মত শিক্ষা, ভালো কর্মসংস্থান এবং উন্নত জীবনমানের সঙ্গে যুক্ত করতে হবে। ২০৩১ সালের মধ্যে এক কোটি কর্মসংস্থানের সরকারি অঙ্গীকার এবং খসড়া জাতীয় এআই নীতি এই প্রস্তুতি যাচাইয়ের একটি সুযোগ তৈরি করে দিয়েছে।
সরকারের পরিকল্পনা কমিশনের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশে ৯৭ লাখ ৮০ হাজার অতিরিক্ত কর্মসংস্থান হবে, যার প্রায় ৬০ শতাংশই আসবে সেবা খাত থেকে। আধুনিক সেবা খাত উৎপাদনশীল কাজ সৃষ্টিতে সহায়তা করতে পারে, কিন্তু একই খাতে স্বল্প আয় ও অনিশ্চিত জীবিকার ঝুঁকিও রয়েছে। এআই এখানে নতুন অনিশ্চয়তা নিয়ে এসেছে। কোনো প্রতিষ্ঠান যদি কম লোক নিয়োগ করেও বেশি উৎপাদন করতে সক্ষম হয়, তবে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের পুরোনো সম্পর্ক বদলে যাবে। সরকারি প্রক্ষেপণে এআইয়ের ফলে উৎপাদনশীলতা, কাজ হারানো এবং নতুন কাজ সৃষ্টির সম্মিলিত প্রভাবের স্পষ্ট দৃশ্যপট এখনো অনুপস্থিত। এআই একদিকে খরচ কমিয়ে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করতে পারে, আবার অন্যদিকে নতুন সুযোগ সৃষ্টির আগেই নিয়মমাফিক কর্মসংস্থানের চাহিদা কমিয়ে দিতে পারে।
ভবিষ্যৎ শ্রমবাজারে দক্ষতার অমিল বা ‘স্কিলস মিসম্যাচ’ একটি বড় ঝুঁকি। এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেখানে কর্মক্ষেত্রে পদ খালি থাকলেও উপযুক্ত কর্মীর অভাব দেখা দেবে। এর ফলে ব্যক্তি খাতের বিনিয়োগ পিছিয়ে যেতে পারে অথবা কাজ বিদেশে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। প্রথম ক্ষেত্রের ঝুঁকির পরিণাম পদ পূরণ না হওয়া এবং দ্বিতীয় ক্ষেত্রের ঝুঁকির পরিণাম নতুন পদ সৃষ্টি না হওয়া। ভবিষ্যৎ শ্রমবাজারের এই ঝুঁকি শুধু প্রশিক্ষণ সনদ বাড়িয়ে দূর হবে না। আবার সব দায় কর্মীরও নয়; কম বেতন, অনুপযুক্ত পরিবেশ ও অবাস্তব অভিজ্ঞতার শর্ত নিয়োগে বাধা হতে পারে।
সরকারের পরিকল্পনা কমিশনের কাঠামোর শিক্ষা অধ্যায়ে ২০৩১ সালের জন্য সাক্ষরতা ৮৮ শতাংশ, প্রাথমিক শিক্ষা সমাপ্তি ৯৪ শতাংশ এবং মাধ্যমিক শিক্ষা সমাপ্তি ৮৭ শতাংশের লক্ষ্যমাত্রা রয়েছে। শেখার দারিদ্র্য ৫০ থেকে ২২ শতাংশে নামানোর এবং ডিজিটাল সুবিধাপ্রাপ্তি শতভাগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করা দক্ষতার সমার্থক নয়। যুব উন্নয়ন–সংক্রান্ত প্রস্তাবে এআই কোর্স, শিক্ষানবিশি ও চাকরিতে সংযোগসেবা অন্তর্ভুক্ত থাকলেও মৌলিক শেখা, পেশাগত দক্ষতা এবং এআইনির্ভর উৎপাদনশীলতাকে যুক্ত করার পরিমাপযোগ্য পথ স্পষ্ট করা হয়নি। ২০৩০ সাল নাগাদ শেখার দারিদ্র্যের উচ্চাভিলাষী লক্ষ্য অর্জিত হলেও প্রায় প্রতি পাঁচ শিশুর একজন ন্যূনতম পাঠদক্ষতার বাইরে থাকবে। এআইয়ের জন্য প্রস্তুত হতে বাংলাদেশকে আগে শেখার জন্য প্রস্তুত হতে হবে।
ইউএনডিপির ‘দ্য নেক্সট গ্রেট ডাইভারজেন্স’ শীর্ষক প্রতিবেদন সতর্ক করছে যে, অসম এআই প্রস্তুতি দেশগুলোর মধ্যে বৈষম্য বাড়াতে পারে। বাংলাদেশ লাভবান হয়েও দ্রুততর অগ্রসর অর্থনীতিগুলোর তুলনায় পিছিয়ে পড়তে পারে। আন্তর্জাতিক শ্রম সংস্থার মূল্যায়ন অনুযায়ী, জেনারেটিভ এআইয়ের প্রভাবে পুরো পেশা বিলুপ্তির চেয়ে কাজের ধরন বদলানোর সম্ভাবনা বেশি। সরাসরি প্রভাব কম হলেও প্রতিযোগিতার চাপ থাকবে। তাই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে এমন প্রশিক্ষণ প্রয়োজন। সাক্ষরতা, গণিত, যুক্তি ও যোগাযোগদক্ষতার ভিত্তির ওপর দাঁড়িয়ে পেশাগত অনুশীলন গড়ে তুলতে হবে। উন্নত প্রশিক্ষণ তৈরি করবে প্রযুক্তি নির্মাণ, মূল্যায়ন ও সংযোজনের বিশেষজ্ঞ।
সরকারের খসড়া জাতীয় এআই নীতি ২০২৬-২০৩০–এ মাধ্যমিক, উচ্চশিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠানে এআই শিক্ষা, বিশ্ববিদ্যালয়-শিল্প অংশীদারত্বে প্রশিক্ষণ এবং ঝুঁকিপূর্ণ কর্মীদের পুনঃপ্রশিক্ষণের প্রস্তাব রয়েছে। তবে এই নীতিমালায় ঘাটতি হলো ব্যয়নির্ধারিত বাস্তবায়ন–পথের অনুপস্থিতি। ২০৩৬ সালের আসল পরীক্ষা হবে এলডিসি-পরবর্তী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা। এ ক্ষেত্রে পণ্যের মান, উৎপাদনপ্রক্রিয়ার সন্ধানযোগ্যতা, শ্রমমান ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত কর্মসংস্থান ছাড়া উৎপাদনশীলতা বাড়লে সামাজিক অঙ্গীকার অপূর্ণ থেকে যাবে। পরিশেষে, ২০৩৬ সালের এআই অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত এবং কত তরুণ-তরুণী এআই ব্যবহার করেন, তার চেয়ে বেশি নির্ভর করবে মানবসক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের সঙ্গে প্রযুক্তিকে আমরা কতটা কার্যকরভাবে যুক্ত করতে পারি তার ওপর।




