ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮), যাদের বাড়ি কুমিল্লায়। তারা ঘটনাস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে রাখা ছিল। এ সময় ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ওই বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এছাড়া ট্রেনের ‘জ’ বগির আসনগুলোতে পেট্রল বা ডিজেল জাতীয় দাহ্য পদার্থ স্প্রে করা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আগুন দেয়ার জন্য পাশের ওই বগিতেও দাহ্য পদার্থ ছিটানো হয়েছিল।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট মো. নুরুন্নবী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা বিলম্বের পর স্টেশন ছেড়ে যায়। আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




