১৯৭০ সালের ১২ নভেম্বর রাত যত গভীর হয়েছিল, দেশের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের তাণ্ডব তত তীব্র রূপ নিয়েছিল। মুষলধারে বৃষ্টি, প্রলয়ংকরী বাতাস আর কয়েক ফুট উঁচু জলোচ্ছ্বাসে চোখের পলকে ভেসে যায় উপকূলের একের পর এক জনপদ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ ছুটলেও অধিকাংশের ভাগ্যে জোটেনি শেষ রক্ষা। নদ-নদী, খাল-বিল ও সাগরে ভেসে বেড়ায় অসংখ্য মরদেহ। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে তৎকালীন পুরো উপকূলীয় অঞ্চল।
আজ সেই ভয়াল কালরাতের ৫৬ বছর পূর্ণ হলো। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বেঁচে থাকা প্রত্যক্ষদর্শী ও স্বজনহারা পরিবারগুলোর কাছে দিনটি আজও গভীর শোক ও বেদনার। ১৯৭০ সালের ৮ নভেম্বর বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ওই ঘূর্ণিঝড়টি ক্রমে ঘনীভূত হয়ে ১২ নভেম্বর ভয়াবহ শক্তিতে উপকূলে আঘাত হানে। ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া এবং ১৫ থেকে ২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় ভোলা, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা ও চট্টগ্রামসহ বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক তথ্যানুসারে এ দুর্যোগে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটে, যদিও বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি রয়েছে।
উপকূলীয় অঞ্চলের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয় দ্বীপজেলা ভোলায়, যার মধ্যে তৎকালীন তজুমদ্দিন এলাকায় প্রাণহানির সংখ্যা ছিল নজিরবিহীন। এছাড়া নোয়াখালীর রামগতি, হাতিয়া, সন্দ্বীপ ও পটুয়াখালীর বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। হাজার হাজার ঘরবাড়ি ও পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পাশাপাশি গবাদিপশু এবং ফসলি জমি ধ্বংস হয়ে যায়। মেঘনা, তেঁতুলিয়া ও কালাবাদরসহ বিভিন্ন নদী ও জলপথে লাশের স্তূপ ছড়িয়ে পড়েছিল। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, এই ভোলা ঘূর্ণিঝড়টি বিশ্বের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত। এই ধ্বংসযজ্ঞের এক ঐতিহাসিক দলিল হিসেবে টিকে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ২৮ ফুট দীর্ঘ চিত্রকর্ম ‘মনপুরা ৭০’।
সেই দুর্যোগের স্মৃতি উপকূলের মানুষের কাছে কেবল স্বজনের মরদেহ খোঁজা আর ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়ার ইতিহাস নয়; তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসেও এর দূরগামী প্রভাব ছিল। ঘূর্ণিঝড়-পরবর্তী সময়ে তৎকালীন পাকিস্তান সরকারের ত্রাণ ও উদ্ধারকাজে চরম অবহেলা ও ব্যর্থতা পূর্ব বাংলার মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়, যা পরবর্তী সময়ে ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করতে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছিল।
ভয়ানক ওই ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ, উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও পরিবেশগত সংকট, জনমানুষের নিরাপত্তা ও অধিকার জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে ২০১৫ সাল থেকে বেসরকারিভাবে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর উদ্যোগে ‘উপকূল ফাউন্ডেশন’ গঠনের মধ্য দিয়ে এ দাবির সূচনা হয়। বর্তমানে উপকূল বাংলাদেশ, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ও আলোকযাত্রা দলসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় সামাজিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে আসছে।
বেসরকারি পর্যায়ে ১১ বছর ধরে দিবসটি পালন করা হলেও এখনো মেলেনি কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় স্বীকৃতি। এর আগে ২০২০ সালে তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপনের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদের আত্মত্যাগের স্মরণে যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এসেছে, তেমনি ১৯৭০ সালের ১২ নভেম্বরের ইতিহাস ধরে রাখতে এবং উপকূলীয় মানুষের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দিনটিকে রাষ্ট্রীয় ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণার দাবি বহাল রয়েছে। দেশের অর্থনীতি, পরিবেশ ও সার্বিক অস্তিত্বের সুরক্ষায় উপকূলের উন্নয়ন ও নিরাপত্তা বিধানে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় উপকূল দিবস ঘোষণার জোরালো দাবি বাস্তবায়নের অপেক্ষায় প্রহর গুনছে উপকূলবাসী।




