আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। এই গুরুত্বপূর্ণ ভোটের ঠিক আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। সোমবার শেষ হওয়া রয়টার্স-ইপসোসের এক জনমত জরিপে উঠে এসেছে যে, ভোটারদের একটি বড় অংশ মঙ্গলবারের এই নির্বাচনকে রিপাবলিকান প্রেসিডেন্টের বিরোধিতা করার সুযোগ হিসেবে গ্রহণ করছেন।
জরিপের ফলাফল অনুযায়ী, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ শুরুর পর জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় রিপাবলিকানদের অবস্থান আরও দুর্বল হয়ে পড়েছে। দেশজুড়ে পরিচালিত এই জরিপে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা কংগ্রেসে কোন দলকে দেখতে চান। এর উত্তরে ৪৬ শতাংশ ভোটার ডেমোক্রেটদের পক্ষে মত দিয়েছেন, যেখানে রিপাবলিকানদের সমর্থন করেছেন ৩৮ শতাংশ। রাজনৈতিক পরিভাষায় এই ব্যবধানকে ‘জেনেরিক ব্যালট’ হিসেবে অভিহিত করা হয়। তবে আগের সপ্তাহের জরিপে ডেমোক্রেটরা রিপাবলিকানদের চেয়ে ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে থাকলেও বর্তমান জরিপে এই ব্যবধান ৮ শতাংশ পয়েন্টে নেমে এসেছে।
প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতেই মঙ্গলবার নির্বাচন হচ্ছে এবং রাজনৈতিক কৌশলবিদদের মতে, এই পরিষদের নিয়ন্ত্রণ নেয়ার ভালো সুযোগ রয়েছে ডেমোক্রেটদের। তবে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখা রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ হলেও ডেমোক্রেটদের জন্য সিনেটের নিয়ন্ত্রণ নেয়া তুলনামূলক কঠিন। বিশেষ করে আলাস্কা ও মিশিগানে ডেমোক্রেট দলটিকে বর্তমানে আত্মরক্ষামূলক অবস্থানে দেখা যাচ্ছে।
নির্বাচনে সরাসরি প্রার্থী না হলেও ট্রাম্পের প্রভাব এবারের নির্বাচনে ব্যাপক। জরিপে অংশ নেয়া ৩২ শতাংশ ভোটার জানিয়েছেন তারা হোয়াইট হাউসে ট্রাম্পের কাজের প্রতি সন্তুষ্ট। এর আগের সপ্তাহেও এই হার একই ছিল, তবে দুই সপ্তাহ আগে ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন ৩১ শতাংশে নেমে এসেছিল। স্বতন্ত্র নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় ৫০ শতাংশ বলেছেন তাদের ভোট ট্রাম্পের বিরুদ্ধে যাবে, বিপরীতে ১৩ শতাংশ ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন এবং ৩৩ শতাংশ জানিয়েছেন প্রেসিডেন্ট তাদের ভোট দেয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছেন না।
ভোটের সিদ্ধান্তে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়কে ৭৮ শতাংশ ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন। এই ইস্যুতে ডেমোক্রেটরা ৪৩ শতাংশ এবং রিপাবলিকানরা ৩২ শতাংশ সমর্থন পেয়েছে। এছাড়া ডেমোক্রেট ভোটারদের মধ্যে ভোট দেয়ার উৎসাহও বেশি দেখা যাচ্ছে; ৪৯ শতাংশ ডেমোক্রেট ভোটার জানিয়েছেন তারা ভোট দেয়ার বিষয়ে ‘খুবই উৎসাহী’, যেখানে রিপাবলিকানদের ক্ষেত্রে এই হার ৩৩ শতাংশ। রয়টার্স-ইপসোসের এই জরিপটি অনলাইনে ১ হাজার ৭৬৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর পরিচালনা করা হয়েছে।




