তৈরি পোশাক খাতে চলমান আন্দোলন ও কারখানা বন্ধের কারণে তৈরি হওয়া অচলাবস্থার মধ্যেই আজ বুধবার (৪ নভেম্বর) বসছে নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা। শ্রমিক অসন্তোষ সামাল দেওয়া এবং মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি দেখানোর লক্ষ্যেই দ্রুততম সময়ের মধ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা এবং সরকারি কর্মকর্তাদের সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত করা গেছে। প্রথম সভার মাধ্যমে মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কাজ শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুনির্দিষ্ট দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া উদ্যোগগুলোর অগ্রগতি এই সভায় তুলে ধরা হবে।
মঙ্গলবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত মজুরি বোর্ডের বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছিলেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অত্যন্ত দ্রুততার সঙ্গেই সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারখানা চালু রাখার চেষ্টার কথা উল্লেখ করে তিনি শিল্প ও শ্রমিক উভয়ের স্বার্থেই ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
এদিকে নাম না প্রকাশের শর্তে এক শ্রমিক ইউনিয়ন নেতা জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের টেলিফোনে বৈঠকের বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং আজই সভাটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী পোশাক খাতের জন্য ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ওই দিনই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে।




